ভারতগামী এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় আল মামুন (৫৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
আটক আল মামুন ঢাকার মাতুয়াইল ডেমরার শান্তিবাগ স্কুল রোড এলাকার মফিজুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-এ-২২৫৫৪১৫৫।
ফেনীতে চাঁদার দাবিতে সড়কের নির্মাণকাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়।
এ সময় ভারতগামী সন্দেহভাজন বাংলাদেশি পাসপোর্টযাত্রী আল মামুনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন।
তবে তার আচরণ ও পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর নিশ্চিত হতে তাকে একটি ক্লিনিকে নিয়ে শরীরের এক্সরে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার মলদ্বারে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
পরে জিজ্ঞাসাবাদে ওই যাত্রী শরীরের অভ্যন্তরে সোনা বহনের বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, আটক সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউস, বেনাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, স্বর্ণ বহনের অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শরীরের অভ্যন্তরে সোনা লুকিয়ে সীমান্ত অতিক্রমের এই কৌশলের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।