দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির শিকার হওয়ার ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগ এবং ঘুষের দিক থেকে খুলনা বিভাগ শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বৃহস্পতিবার ২৫ জুন রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, জাতীয়ভাবে সেবা নিতে গিয়ে ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। একই সময়ে ঘুষের শিকার হয়েছেন ৬৩ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা।
বিভাগভেদে দুর্নীতির শিকার হওয়ার হার সবচেয়ে বেশি ময়মনসিংহে, ৮৮ দশমিক ৯ শতাংশ। একই বিভাগে ঘুষের শিকার হয়েছেন ৬৬ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা। অন্যদিকে ঘুষের শিকার হওয়ার হার সবচেয়ে বেশি খুলনায়, ৭৩ দশমিক ৬ শতাংশ। এ বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮৮ শতাংশ সেবাগ্রহীতা।
প্রতিবেদনে আরও বলা হয়, বরিশালে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের শিকার ৬৯ দশমিক ১ শতাংশ। রংপুরে দুর্নীতির শিকার ৮৫ দশমিক ৭ শতাংশ, ঢাকায় ৮০ দশমিক ১ শতাংশ, চট্টগ্রামে ৭৯ দশমিক ৪ শতাংশ, সিলেটে ৭৯ দশমিক ৩ শতাংশ এবং রাজশাহীতে ৭২ দশমিক ৯ শতাংশ সেবাগ্রহীতা। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।