সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্স নামে একটি দোকান থেকে নগদ টাকা, রুপা ও স্বর্ণালংকারসহ ২০-২৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।
দোকান মালিক কালিদাসের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারে নৈশ প্রহরী থাকার পরও অজ্ঞাত চোরেরা দোকানের শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
তিনি জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ও তালা ভাঙা দেখতে পান। পরে দোকানে প্রবেশ করে দেখেন, ভেতরে রাখা লোকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
কালিদাস জানান, নিজস্ব ও বন্ধকি মিলে ২০-২৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৫/৭ ভরি স্বর্ণ তাঁর নিজের এবং বাকিটা বন্ধকি বলে জানান তিনি। তবে নগদ টাকাসহ মোট কত টাকার মালামাল চুরি হয়েছে, তার সঠিক হিসাব এখনো করা হয়নি।
ঘটনার ১৬ ঘণ্টা পরও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনকে বিষয়টি জানানো হয়নি বলে জানা গেছে। ওসি মো. শাহিন জানান, সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম বিষয়টি জানতে পেরেছেন। তিনি ঘটনার খোঁজ নেওয়ার কথা জানান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে নলতা বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারের কিছু জুয়েলার্স ব্যবসার আড়ালে চড়া সুদে টাকা দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুদের টাকা আদায়কে কেন্দ্র করে টাকা নেওয়া ব্যক্তিদের সঙ্গে বিরোধ থাকার কথাও তারা জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আইনগত সিদ্ধান্ত বা প্রমাণ পাওয়া যায়নি।