AI দিয়ে তৈরি ছবি ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য পরিচয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম ঘটনার বিস্তারিত জানান।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে পরিচয় হয়।
অভিযোগ অনুযায়ী, ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করা হয়। পরে নারী সেনা সদস্য পরিচয়ে নারী কণ্ঠে ফোনালাপের মাধ্যমে শাহাদাতের সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়।
পিবিআই জানায়, বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে শাহাদাতের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহাদাতের মা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
পিবিআই ঢাকা জেলা মামলাটি তদন্তের সময় বিকাশ ও নগদ লেনদেনের তথ্য সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করে।
তদন্তের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তে পিবিআই জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। তিনি মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে নারী পরিচয়ে যোগাযোগ করতেন বলে জানানো হয়েছে।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা রয়েছে এবং ওই মামলায় ওয়ারেন্ট জারির তথ্য পাওয়া গেছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।