চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে হাটহাজারী মডেল থানার বিশেষ অভিযান চলাকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় গোপন তথ্য পাওয়া যায়। পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় নাছির উদ্দীনের দেখানো মতে তার শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে “SHAKTIMAN EXPRESS MADE IN INDIA” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন দাবি করেছেন, তার বন্ধু মো. তৈয়ব (৪৫) বিদেশে যাওয়ার সময় প্রায় তিন-চার মাস আগে অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।
বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধি নিয়ে চীনের চিয়াংশিতে যুব সংলাপ অনুষ্ঠিত
ঘটনার সঙ্গে জড়িত পলাতক মো. তৈয়বকে গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে।