শতবর্ষী স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে হারানোর তিন দিন পর তার কবরে গিয়ে দোয়া করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার সকালে পুত্রজয়ার প্রেসিন্ট ২০ ইসলামিক কবরস্থানে যান মাহাথির। সেখানে স্ত্রীর কবরে ফুল দেওয়ার পর দুই হাত তুলে দোয়া করেন তিনি। কিছুক্ষণ নীরবে সেখানে অবস্থানের পর কবরস্থান ত্যাগ করেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী।
আরো পড়ুন : শ্রেণিকক্ষে ছাত্রীকে একা পেয়ে নিজেকে ধরে রাখতে পারেননি মাদ্রাসা শিক্ষক
কবরস্থানে মাহাথিরকে শান্ত ও নীরব দেখা যায়। স্ত্রীর কবরের পাশে কিছুক্ষণ অবস্থানের পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সেখান থেকে চলে যান।
গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ প্রায় সাত দশকের দাম্পত্য জীবনে মাহাথিরের রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তার পাশে ছিলেন সিতি হাসমাহ।
পেশায় চিকিৎসক সিতি হাসমাহ মালয়েশিয়ার সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
মাহাথির মোহাম্মদ প্রথমবার ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২০ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
সিতি হাসমাহর মৃত্যুর পর ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। এতে রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী এবং সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।