চীনের সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে তাইওয়ানের বার্ষিক ‘হান কুয়াং’ সামরিক মহড়ার শেষ ধাপে রাজধানী তাইপেসহ সাতটি শহর ও এলাকায় মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ অপারেটররা মোবাইল ইন্টারনেটের গতি ঘণ্টায় ২৫৬ কিলোবিটে নামিয়ে আনেন, ফলে সাধারণত ব্যবহৃত দ্রুতগতির ইন্টারনেটের পরিবর্তে মূলত বার্তা আদান-প্রদানই সম্ভব হয়। প্রেসিডেন্ট লাই চিং-তে এ সাময়িক অসুবিধার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে মহড়াটিকে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।
এবারের মহড়ায় সংরক্ষিত বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও বেশি সম্পৃক্ত করা হয়েছে। বাস্তব পরিস্থিতি অনুকরণের অংশ হিসেবে তাইপের একটি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে যাত্রীদের প্রায় ৩০ মিনিট অপেক্ষায় রাখা হয়। হংকংয়ের পর্যটক অ্যালেন শিয়েহ মহড়াটিকে বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তাইওয়ানের এমন মহড়া প্রয়োজন বলে তিনি বুঝতে পারছেন। লাই চিং-তেও একটি হাসপাতালে গিয়ে জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কার্যক্রম ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়ার মহড়া প্রত্যক্ষ করেন।
চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তাইওয়ান সামরিক মহড়া ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করা চীন নিয়মিত দ্বীপটির আশপাশে সামরিক বিমান, কোস্টগার্ডসহ বিভিন্ন জাহাজ পাঠায় এবং সময়ে সময়ে বড় ধরনের সামরিক মহড়া চালায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৮টি চীনা সামরিক বিমান ও ১১টি নৌযান তাইওয়ানের আশপাশে সক্রিয় ছিল।