ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০
প্রতিবেদকের নাম
আপডেটের সময় :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
৫৫
সময়
ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি অস্ত্র প্রদর্শনীস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ হামলার পর ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো এ তথ্য জানান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে বেসামরিক মানুষের ওপর ‘নৃশংস আঘাত’ উল্লেখ করে বলেন, এ ঘটনার জন্য রাশিয়াকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। হামলার স্থান নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি ‘ফ্ল্যাশ’ বেসক্রেস্টনভের দাবি, এটি কিয়েভের কাছে একটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল। তবে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, হামলাটি একটি বেসরকারি ক্রীড়া কমপ্লেক্সে হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, যুদ্ধের আইন লঙ্ঘন এবং অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য অবহেলার অভিযোগে দুটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প পরিষদ জানিয়েছে, হামলার আগে অনুষ্ঠানস্থল বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে দেওয়া হয়নি; আমন্ত্রণপত্র কেবল সীমিত শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুতে ইউক্রেনের ড্রোন নির্মাতা, আনম্যানড সিস্টেমস কমান্ডের প্রতিনিধি এবং বিশেষ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হামলায় নিহতদের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশাসনের (ইউডিও) আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ বিভাগের প্রধান ভ্যালেন্তিনা সাভিৎসকাও রয়েছেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়েছে। এর আগে ১৯ জুলাই এক রাতেই রাজধানী লক্ষ্য করে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা চলমান যুদ্ধে অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।