ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) দাবি করেছে, কাস্পিয়ান সাগরে ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দূরপাল্লার হামলায় কাস্পিয়ান সাগরে একাধিক জাহাজ লক্ষ্যবস্তু হয়েছে, যার মধ্যে ইরানের সহযোগিতায় সামরিক কার্গো বহনকারী একটি জাহাজও ছিল। এসবিইউর দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজটি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহন করছিল।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, হামলার শিকার জাহাজটি ছিল একটি বাণিজ্যিক জাহাজ। এ ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। হামলার তীব্রতা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তেহরান এ ঘটনাকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে বলেছে, এটি যুদ্ধকে আরও বিস্তৃত ও তীব্র করতে পারে। ঘটনার প্রতিবাদে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে রাশিয়া উপসাগরীয় দেশগুলো ও মার্কিন সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তাঁর দাবি, জুলাইয়ের শুরু থেকে রাশিয়ার স্যাটেলাইট নজরদারি এবং পরবর্তী সময়ে ইরানের হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের চারটি বিমানঘাঁটি রুশ স্যাটেলাইটের নজরদারির আওতায় ছিল। জেলেনস্কির এই মন্তব্য এমন সময় এলো, যখন আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।