ফ্যাটি লিভারজনিত জটিল রোগ মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস (ম্যাশ)-এর উন্নত পর্যায়ের রোগীদের জন্য নতুন আশার খবর দিয়েছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো স্কুল অব মেডিসিনের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ সেমাগ্লুটাইড লিভারের ক্ষত বা ফাইব্রোসিস কমাতে সহায়তা করতে পারে। গবেষণার ফলাফল গত ১৫ জুলাই চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি-তে প্রকাশিত হয়েছে।
দ্বিতীয় ধাপের এই ক্লিনিক্যাল ট্রায়ালে লিভার বায়োপসির মাধ্যমে ম্যাশ নিশ্চিত হওয়া প্রায় ৭০০ প্রাপ্তবয়স্ক রোগী অংশ নেন। তাদের অনেকেরই লিভারে মাঝারি থেকে গুরুতর মাত্রার ক্ষত ছিল এবং কেউ কেউ প্রাথমিক পর্যায়ের সিরোসিসে আক্রান্ত ছিলেন। গবেষণায় পরীক্ষামূলক ওষুধ জালফারমিন-এর সঙ্গে সেমাগ্লুটাইডের যৌথ প্রয়োগ প্রত্যাশিত ফল না দিলেও, শুধু সেমাগ্লুটাইড গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে লিভারের ক্ষত উল্লেখযোগ্যভাবে কমেছে এবং রোগের প্রদাহও বাড়েনি। গবেষকরা আরও জানান, রক্ত পরীক্ষা ও ইমেজিং স্ক্যান চিকিৎসার অগ্রগতি মূল্যায়নে বারবার বায়োপসির তুলনায় বেশি কার্যকর হতে পারে।
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এই ফলাফল এখনই চিকিৎসা নির্দেশিকা পরিবর্তনের জন্য যথেষ্ট নয়। সিরোসিসে আক্রান্ত রোগীদের নিয়ে আরও বড় পরিসরের তৃতীয় ধাপের গবেষণা প্রয়োজন, যাতে নিশ্চিত হওয়া যায় সেমাগ্লুটাইড লিভার বিকল হওয়া বা প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা কমাতে পারে কি না। তবু গবেষণাটি উন্নত পর্যায়ের ম্যাশ রোগীদের জন্য সম্ভাবনাময় নতুন চিকিৎসার পথ উন্মুক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।