আন্তর্জাতিক হার্ট ডে উপলক্ষে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে কে জি এন মেডিকেয়ার লিমিটেডের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ আয়োজিত এ ক্যাম্পে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে আগত রোগীদের হৃদরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যা মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ দেন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আরো পড়ুন: বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা
আয়োজকদের মতে, হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়।

ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের জন্য ECHO (ইকোকার্ডিওগ্রাম)সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়। এর ফলে রোগীরা তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান।
কে জি এন মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দা তাসনীম জাহান বলেন, হৃদরোগ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবনযাপন এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।
তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
আন্তর্জাতিক হার্ট ডে উপলক্ষে আয়োজিত এ ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের হৃদস্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে কে জি এন মেডিকেয়ার লিমিটেড।