সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনের প্রস্তুতি হিসেবে দেশজুড়ে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন বিরোধী দলীয় প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
বক্তব্যে তিনি সরকারকে সতর্ক করে বলেন, দাবি মানা না হলে জনগণ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে মুক্তির পথ চেনে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গঠনকারীরাও একসময় নিপীড়িত ছিলেন, কিন্তু এখন তারা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।
শহীদদের প্রতি অঙ্গীকারের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা ও দেশের সাধারণ মানুষের সঙ্গে তারা কোনো প্রতারণা করবেন না। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে বলেন, দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা মেনে নেওয়া হবে না।
সরকারের বিরুদ্ধে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ অতীতে যেমন ক্ষমতাচ্যুত করেছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদী প্রবণতা দেখা দিলে জনগণ একই পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।
সমাবেশে সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনার প্রসঙ্গও তোলেন জামায়াত আমির। তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গতা পায়নি এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।