জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশের সরকারি কর্মকর্তাদের একাংশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি ও সুধী সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিতে তলিয়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরল ২০ মাসের শিশু
দুর্নীতি প্রসঙ্গে স্পিকার বলেন, “আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।”
তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অপরাধের বিচার রাষ্ট্রীয় উদ্যোগে সম্পন্ন হলেও বাংলাদেশে অনেক ক্ষেত্রে মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেও ন্যায়বিচার পায় না।
বক্তব্যে তিনি অর্থ পাচার, প্রশাসনিক অনিয়ম এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে তিনি বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
এ ছাড়া বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ, প্রশাসনে আগের সময়ের কর্মকর্তাদের প্রভাব এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে অনিয়মের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বন্দর ব্যবহার, বাণিজ্যিক সুবিধা ও সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।