রাজবাড়ীতে জনবল ও আর্থিক সংকটে সময়মতো পাট কাটতে না পারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা। বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বারিকগ্রাম বিলে কৃষকদের শুকিয়ে যাওয়া পাট কেটে সহায়তা করেন তাঁরা।
দিনাজপুরে দুই সীমান্তে অভিযান, মাদকসহ আটক ৪
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বৃষ্টির কারণে ওই এলাকার কৃষকদের পাটখেত পানিতে তলিয়ে যায়। এরপর পাট কাটার মৌসুমে জনবলের অভাব ও আর্থিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো পাট কাটতে পারেননি। ফলে ক্ষেতেই পাট শুকিয়ে যায় এবং তা কৃষকদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
এ অবস্থায় রাজবাড়ী আনসার-ভিডিপির একটি দল নিয়মিত সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে। সদর উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদের নেতৃত্বে এবং পৌর দলনেতা মো. কাদের রেজার সহযোগিতায় সদস্যরা মাঠে নেমে কৃষকদের পাট কেটে দেন।
রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির কমান্ডেন্ট জুয়েল রানা বলেন, ‘সামাজিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবে আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।’
আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের সহযোগিতার পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষের ঘর নির্মাণে সহায়তাসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বাহিনীর সদস্যরা।