বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) একটি গাভী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনায় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় যুবক নিহত
ইউএনও জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য স্থায়ী আয়ের একটি ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পরিবারটির পাশে প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আহত হন এবং ফিরোজা বেগমও আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।