নেত্রকোনার মদন থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে সরকারি চাল পাচার, মাদক কারবার ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিয়ানমারে পাচারের সময় ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১২
মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় থাকা ৫ টন সরকারি চাল উদ্ধার করা হয়। জব্দ করা চালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
এ ছাড়া চাল পাচারে ব্যবহৃত দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা, এবং ১৩৫টি খালি পাটের বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
এছাড়া অপর এক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ এলাকার স্বপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি ও মারামারির মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহ (২২) এবং জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. আলী হাসান (৩২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার নয়জনকে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।