নোয়াখালীর হাতিয়ায় চোরাচালানবিরোধী অভিযানে মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
গার্ড অব অনার ও পুষ্পস্তবকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে শ্রদ্ধা
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় নদীতে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।