ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮১ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে রোববার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে বাধার অভিযোগ, সাবেক ছাত্রনেতা পুলিশ হেফাজতে
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউপাড়া এলাকার নিপা আক্তার ঢুলি (৫০) ও মো. রফিক (৪৮), সাভারের বলিয়াপুর এলাকার মো. জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩২) এবং খুলনার সোনাডাঙ্গা এলাকার মো. ইমরান হোসেন (২২)। তাঁরা বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে নিপা ও রফিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পরে উপজেলা মডেল মসজিদ এলাকায় জহিরুলকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। অন্যদিকে আশুলিয়ার কবিরপুরে ইমরানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ছয় হাজার টাকা।
ডিবি জানিয়েছে, নিপার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।