নেত্রকোণায় একটি পিকআপের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৫৬০ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোররাতে সদর উপজেলার দিগজান বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব মাদক উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের মোট পরিমাণ ৫৬ লিটার। এ ঘটনায় পিকআপচালক মো. ফারুক মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৯৩২ নম্বরের পিকআপটিও জব্দ করা হয়।
প্রেমের ডাকে বাসায় যেতেই জিম্মি, রাজধানীতে হানিট্র্যাপ চক্রের পাঁচজন গ্রেপ্তার
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও কলমাকান্দার সংযোগ সড়কের দিগজান এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে একটি পিকআপ থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে গাড়ির নিচে বিশেষ গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ৫৬০ বোতল মাদক উদ্ধার করা হয়।
নাজমুল হক জানান, ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এসব মাদক ভারত থেকে দুর্গাপুর সীমান্ত দিয়ে আনা হয়েছে। পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের উদ্দেশ্যে গোপন চেম্বারটি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রেপ্তার চালককে জব্দ করা মাদকসহ আদালতে সোপর্দ করা হবে। মাদকের উৎস, গন্তব্য এবং পাচারের সঙ্গে অন্য কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।