রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে মৌমাছি ও ভিমরুলের উপদ্রবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক ভবনের কার্নিশ ও গাছে তৈরি হওয়া বাসা থেকে মৌমাছি ও ভিমরুল ঘরে ঢুকে শিশুদেরসহ বাসিন্দাদের কামড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্দিরা রোডের একটি আবাসিক ভবনের পঞ্চম তলার কার্নিশে মৌমাছির একটি বড় বাসা রয়েছে। একই ভবনের সামনের একটি গাছে অবস্থান নিয়েছে ভিমরুলের দল।
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
বাসিন্দাদের অভিযোগ, দিন ও রাতের বিভিন্ন সময়ে মৌমাছি ও ভিমরুল ঘরের ভেতরে ঢুকে পড়ছে। এতে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশুরা, আক্রমণের শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হুসনেয়ারা সুমি জানান, গত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর শিশুর চোখে ভিমরুল কামড় দেয়। এতে শিশুটির চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
হুসনেয়ারা সুমি বলেন, ‘গতরাত ১টার দিকে ঘুমের মধ্যে আমার অবুঝ বাচ্চার চোখে কামড় দেয় ভিমরুল। বর্তমানে চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিন মৌমাছি ও ভিমরুল এসে বাচ্চার ওপর আক্রমণ করছে। আমরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
তিনি জানান, মৌমাছি ও ভিমরুলের উপদ্রবের কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে শিশুদের নিয়ে উদ্বেগ বেড়েছে।
এ পরিস্থিতিতে আবাসিক ভবনের কার্নিশ ও সামনের গাছে থাকা মৌমাছি এবং ভিমরুলের বাসা দুটি দ্রুত ও নিরাপদে অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
তাঁরা এ বিষয়ে ফায়ার সার্ভিস, অভিজ্ঞ উদ্ধারকারী দল অথবা সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিশু ও পরিবারের সদস্যদের সম্ভাব্য শারীরিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব হবে।
মৌমাছি ও ভিমরুলের বাসা দুটি নিরাপদে অপসারণ করে আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।