অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পাঠিয়ে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র দাবি করেছে।
মোবাইল নম্বর ব্লক করায় দুই কলেজছাত্রীকে জুতাপেটার অভিযোগ
তবে রাতে প্রতিবেদনটি লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে এগিয়ে যান।
ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। এ ছাড়া প্রতিমন্ত্রীর একজন দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিশেষ করে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কাউকে আটক করতে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনা করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
এদিকে প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযানের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে।
রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে সরকার-সংশ্লিষ্ট সূত্রের দাবি থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।