নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম কুইনের ছেলে।
ইটভাটার কাজ তদারকি করতে গিয়ে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং সেখানে একটি হোটেলে কাজ করত। ঢাকায় অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ায় প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রামে ফিরে প্রথমে নানির বাড়িতে অবস্থান করছিল সিফাত। তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে।
রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
পরে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
তাঁর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে সিফাতকে নিচে নামানো হয়। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।