নড়াইলের লোহাগড়া উপজেলায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে পা ধুতে গিয়ে পিছলে পানিতে পড়ে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পল্লবের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামের উজ্জ্বল শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় নুর আলমের বাড়িতে ভাড়া থাকত।
গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় শিশু রাফি। নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মদিনাপাড়ায় পল্লবের পুকুরে পা ধুতে নামে সে।
এ সময় অসাবধানতাবশত পিছলে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে পানিতে ডুবে যায় শিশুটি।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।