দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশে গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মো. ইয়াসিন আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মধুমতি লেক ও পাঁচুড়িয়া খালে অবৈধ জালের ব্যবহার, বিপন্ন দেশীয় মাছ
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রিয়াদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে পৌঁছালে সড়কের পাশের একটি গাছ কাটার কাজ চলছিল। এ সময় গাছের একটি ডাল তাঁদের মাথার ওপর পড়ে।
এতে ইয়াসিন আলী মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা ছেলে রিয়াদও মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নিহত ইয়াসিন আলীর মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, ‘নবাবগঞ্জে সড়কে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা শিশুও আহত হয়েছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।