নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে।
নববিবাহিত মেয়েকে বিদায় দেওয়ার পর বাবার মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন মারুফ। এরপর কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।
এরপর আর বাড়িতে ফিরে আসেননি মারুফ। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরে বুধবার রাতে বাড়ির পাশের একটি ধানখেতে মারুফের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মারুফের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।