1. admin@headlinenewsbd.com : Headline News BD :
মিটার চুরি করে বিকাশে টাকা আদায়ের অভিযোগ, ‘মিটার সবুজ’সহ গ্রেপ্তার ২ - Headline News BD
টপ নিউজ :
সন্তান না হওয়ায় তালাক, পা ধরেও স্বামীর মন গলাতে পারেননি স্ত্রী স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে ভিডিও বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ ৬৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলেন আজারবাইজানের নারী শূন্য হাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরে কি ঘটেছিল গোবিন্দর সঙ্গে? শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পরীমণির বিরুদ্ধে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়েছিলেন, ফিরেই কী ঘটল এসআইয়ের সঙ্গে? হঠাৎ কেন ইসরায়েলের অর্থসহায়তা বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের? ‘সরি’ বলেও কাজ না হলে আর যা করতে পারেন আপনি

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়ের অভিযোগ, ‘মিটার সবুজ’সহ গ্রেপ্তার ২

মনির মন্ডল, সাভার
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ সময়

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার পর সেগুলো ফেরত দেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ-১, ঢাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের একজন ‘মিটার সবুজ’ নামে পরিচিত। জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া ১৫০ থেকে ২০০টি এবং অপর আসামি মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছেন। তবে তাদের দেওয়া তথ্য এবং বিভিন্ন চুরির ঘটনায় সম্পৃক্ততার বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইতালি পাঠানোর নামে অর্থ নেওয়ার অভিযোগে ভাই-বোন গ্রেপ্তার

শনিবার (৩ অক্টোবর) দুপুরে শিল্প পুলিশ-১, ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পাথরাইল এলাকার কাইয়ুম আলীর ছেলে মো. সবুজ মিয়া ওরফে ‘মিটার সবুজ’ (২৫) এবং একই উপজেলার রেহাই পুকুরিয়া এলাকার লিটন মোল্লার ছেলে মো. মারুফ মোল্লা (৩৫)।

শিল্প পুলিশের ভাষ্য, গত কয়েক মাস ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের বিদ্যুতের মিটার চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। মিটার চুরির পর সেটি ঘটনাস্থলের আশপাশে লুকিয়ে রেখে পলিথিনে মোড়ানো একটি চিরকুটে বিকাশ নম্বর লিখে রেখে যেত চক্রের সদস্যরা। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে দর-কষাকষির মাধ্যমে বিকাশে টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর লুকিয়ে রাখা মিটারের অবস্থান জানিয়ে সেটি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হতো বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাত ২টা ২৪ মিনিটের দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ‘দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড’-এর কারখানার ১ নম্বর গেটের সামনে থেকে পল্লী বিদ্যুতের একটি মিটার চুরি হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা করা হয়। মামলাটির ছায়া তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সোর্সের সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্তে কাজ শুরু করে শিল্প পুলিশ-১।

এর ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ঘোড়াপীর মাজারসংলগ্ন মানিকগঞ্জ বুক হাউসের সামনে অভিযান চালায় শিল্প পুলিশের একটি দল। এ সময় মোটরসাইকেলে থাকা সবুজ মিয়া ও মারুফ মোল্লাকে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। একপর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে দুজন আহত হলে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সবুজ মিয়ার বাম হাতের কব্জিতে এবং মারুফ মোল্লার কপালে আঘাত লাগে। একই সময় শিল্প পুলিশের এসআই (নিঃ) মো. তারিকুল ইসলাম ও কনস্টেবল মো. নাজমুল হাসানও আহত হন। পরে আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১৫০ থেকে ২০০টি মিটার এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি মিটার চুরির কথা স্বীকার করেছেন। তবে এসব স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিল্প পুলিশের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে একমি ল্যাবরেটরিজ, স্টারলিং লন্ড্রি অ্যান্ড ডেনিমস, কাইজেন মেটাল ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাংলাদেশ জে ডব্লিউ কোম্পানি, প্যাক অ্যান্ড টিম প্যাকেজিং, ঝাওফিং জিলেটিন, ম্যাকটেক করপোরেশন, আয়েশা ক্লোথিং, হুয়াই ইন্টারন্যাশনাল পেপার ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, ট্রেন্ড সেটার্স ট্রিমস ইন্ডাস্ট্রিজ, ইউবেস্ট (বাংলা) ফ্যাশন, টর্ক ডিজাইন, এম এম মাল্টিমাইন্ড নিট গার্মেন্টস, সিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ ও ফেব্রিলাইফ ফ্যাশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিটার চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ আরও দাবি করেছে, সবুজ মিয়ার বিরুদ্ধে সিরাজগঞ্জের এনায়েতপুর ও কামারখন্দ এবং টাঙ্গাইলের ভূঞাপুর ও মির্জাপুর থানায় চুরি, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে মারুফ মোল্লার বিরুদ্ধে আশুলিয়া, টাঙ্গাইলের ভূঞাপুর ও মির্জাপুর, সিরাজগঞ্জের চৌহালী, বেলকুচি ও কামারখন্দ এবং মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইর থানায় চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১০টি মামলা রয়েছে।

অভিযানে একটি হেক্সিং ব্র্যান্ডের পল্লী বিদ্যুতের মিটার, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহবুবুল হক সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) সৈয়দ ফয়ছল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, লজিস্টিকস অ্যান্ড ট্রেনিং) মো. তোফাজ্জল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল ইসলাম বিশ্বাস উপস্থিত ছিলেন।

শিল্প পুলিশ-১ জানিয়েছে, মিটার চুরির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved - 2026 Headline News BD