সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসব প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) কিশোর গ্যাং প্রতিরোধবিষয়ক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোর গ্যাং প্রতিরোধের প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনেরও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি নির্মূল করার লক্ষ্যও ঘোষণা করেন চিফ হুইপ। কিশোরদের পড়াশোনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগী করার কথা বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে চিফ হুইপের অভিযোগ, ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন অপব্যবহার দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। এসব প্ল্যাটফর্মের বিষয়ে সরকার ‘রাশ টানবে’ বলে জানান তিনি।
জুলাই আন্দোলনের পর দেশে অশ্লীল শব্দ ব্যবহারের প্রবণতা বেড়েছে বলেও দাবি করেন নুরুল ইসলাম মনি। ভবিষ্যতে এ ধরনের শব্দ ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্ত্রীর কবরে ফুল দিয়ে দোয়া করলেন মাহাথির মোহাম্মদ
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন চিফ হুইপ। ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর মাধ্যমে সরকার কঠোর বার্তা দিতে চায়। সরকার স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন সংকট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত ও পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।