নওগাঁ শহরে এক নারীর স্বর্ণের দুল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) ও মো. রবি (২৪)। তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা।
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় আটকে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ১
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁ শহরের রুবীর মোড়ে পৌঁছালে ওই তিনজন তাকে চারদিক থেকে ঘিরে ধরেন।
এ সময় তারা চাকু দেখিয়ে ভয় দেখিয়ে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করেন। একই সময়ে ৯৯৯ নম্বরে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে।
পুলিশ স্থানীয়দের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।