ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক ও মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মানব পাচার মামলায় মো. আবুল হোসেন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন ওই এলাকার বান্দুমিয়ার ছেলে।
মেয়ের সাফল্যে উচ্ছ্বাসিত বাবা-মা
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা তাকে একটি স্থানে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ দিতে না পারায় তাকে আরও নির্যাতন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে সুযোগ পেয়ে ভুক্তভোগী আটকস্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। পরে লিবিয়া পুলিশ তাকে আটক করে ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগী ডিএমপির মিরপুর মডেল থানায় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় মামলা করেন।
সিআইডি জানায়, মামলার তদন্তভার গ্রহণের পর তথ্য-উপাত্ত যাচাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করা হয়। তদন্তে আবুল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আরও একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।