ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি তরুণী দুই বছর পর দেশে ফিরেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বাংলাদেশে হস্তান্তর করে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
চাচা বিদেশে থাকা অবস্থায় চাচি গর্ভবতী হওয়ার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
ফেরত আসা দুই তরুণীর একজনের বাড়ি খুলনায় এবং অন্যজনের বাড়ি ময়মনসিংহে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, দুই বছর আগে রাতের আঁধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যায়। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন।
তিনি জানান, ভারতে অবস্থানের সময় অবৈধভাবে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনের সমন্বয়ে সোমবার তাদের দেশে ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়।
সংগঠনটি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুই তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।