পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটানের এক ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে বন্দরের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ট্রাকচালক প্রতীক রায় (২৬) ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন ইসলাম (২৫) বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডে কর্মরত।
ভৈরব নদী থেকে মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
স্থলবন্দর সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশের সময় ট্রাক সামনে-পেছনে নেওয়াকে কেন্দ্র করে ট্রাকচালক প্রতীক রায়ের সঙ্গে নিরাপত্তাকর্মী জীবন ইসলামের কথা-কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে জীবন ইসলাম ওই ট্রাকচালককে মারধর করেন।
ঘটনার পর ভুক্তভোগী চালকসহ ভুটানের ২০ থেকে ২৫ জন চালক বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টের মাধ্যমে বিষয়টি বিএসএফকে জানান। একই সঙ্গে তারা ঘটনার সমাধানের জন্য বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজারকে অবহিত করেন।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন ইসলাম নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে হাত মেলানো ও কোলাকুলির মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ঘটনায় দুইজনই আহত হয়েছেন। পরে তাদের মধ্যে মীমাংসা করা হয়েছে। এ ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তেঁতুলিয়া মডেল থানার এসআই নরেশ চন্দ্র দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, ভুটানের ট্রাকচালকরা বিজিবিকে বিষয়টি জানানোর পর তাদের স্থলবন্দরে গিয়ে সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়। পরে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির সমাধান হয়।