চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজ শিশুকন্যার মুখে বিষাক্ত কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটির নাম আনিকা খাতুন। তার বাবা আলামিন (৩৫) ও মা সোনিয়া খাতুন (৩০) ওই গ্রামের বাসিন্দা।
আদালতে অপ্রতিম হত্যা মামলার আসামিরা, চাওয়া হলো ৭ দিনের রিমান্ড
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে আলামিন কাজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্ত্রী সোনিয়ার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাসের শিশু আনিকার মুখে ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেন। এ সময় শিশুটির দাদি বিষয়টি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে আনিকা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।