কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে তাদের তোলা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বাসায় ভাইকে খুঁজতে এসে বোনকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
আদালতে শুনানি শেষে প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। তিন ঘণ্টা পার হলেও আদালতের সিদ্ধান্ত জানা যায়নি।
এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতিম হত্যার ঘটনায় সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মো. সিয়াম (১৯) নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।
পরে তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।