গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাইকে খুঁজতে এসে এক যুবকের ছুরিকাঘাতে সানজিদা আক্তার (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাজ্জাদ হোসেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, তিনি স্ত্রী আছিয়া ও বোন সানজিদাকে নিয়ে ওই বাসায় থাকতেন। সকালে এক অজ্ঞাত যুবক বাসার সামনে এসে তার নাম ধরে ডাকাডাকি করেন। এ সময় সানজিদা দরজা খুলে জানান, সাজ্জাদ বাসায় নেই।
সাজ্জাদের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর ওই যুবক ধারালো ছুরি বের করে সানজিদাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে সানজিদার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসেন।
রক্তাক্ত অবস্থায় সানজিদাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ট্রেনে একা কাঁদছিল ৪ বছরের শিশু, যাত্রীর ফোনে ফিরে পেল মাকে
সাজ্জাদ হোসেন বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই এবং কেন তার বোনকে এভাবে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। টাকা লেনদেন, প্রেমঘটিত বিষয় বা অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।