রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
ব্রিফকেসে না ধরায় কয়েক টুকরো করা হয় ডলিকে
সভায় ডিএমপি কমিশনার বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোটেলগুলো থেকে অতিথিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তা নিয়মিতভাবে সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অপরাধ নিয়ন্ত্রণ ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ঢাকার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়।
এ ছাড়া ডিএমপির ক্রাইম বিভাগ ও গোয়েন্দা পুলিশকে হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, অপরাধ প্রতিরোধ, দ্রুত তথ্য সংগ্রহ এবং নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।