খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল মুন্সি। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তার বুক ও পিঠে গুরুতর আঘাত লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মেয়ের পোষা ছাগল চুরি আমার জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ : ড. আসিফ নজরুল
স্থানীয়রা আহত অবস্থায় জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি স্থানীয় ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধরতে অভিযান চালায়। তবে তারা পালিয়ে যায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে। এছাড়া তার কাছে চাঁদা দাবির অভিযোগের কথাও জানা গেছে। মাদক সংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশের একটি তদন্ত দল কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।