পাবনার আটঘরিয়ায় বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আদম আলীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজার-সংলগ্ন চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন এবং এর আগে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধারের দাবি
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
হাতিয়ায় ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়। তবে বর্তমান হত্যাকাণ্ডের সঙ্গে ওই মামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আদম আলীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।