রাজধানীর কাফরুলে অপহরণের ঘটনায় ৭ বছরের এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
কাফরুল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের শিশুটি খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নেপালে বন্যার ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছরের নারী
জিডির সূত্র ধরে পুলিশ শিশুটির সন্ধানে তদন্ত শুরু করে। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছে।
পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।