নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
মদনে পুলিশের সাঁড়াশি অভিযানে সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৯
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মালিয়াবো গ্রামে ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রশিদ মিয়া জানান, ভোর সাড়ে ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে রামদা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।
তিনি জানান, ডাকাতরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ভেঙে মালামাল নিয়ে যায়। এ সময় তার স্ত্রী সাফিয়া বেগম ও পুত্রবধূ কনা বেগমকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, ডাকাতরা চার ভরি স্বর্ণ, নগদ চার লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার আগে পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
ঘটনার পর থেকে ব্যবসায়ী পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।