যশোরের শার্শা উপজেলার কাশীপুরে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দুই হাফেজের দায়িত্বে শাহ সোলেমান ফতেহগাজী (রহ.) মাজার মসজিদ
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।
দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ আজও জাতির কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।