ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা পেয়েছে আশপাশের দোকান।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আরো পড়ুন: পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে দুইজন
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কলমাকান্দা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রায় ১৩ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে সকাল ৫টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দোকানগুলোতে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ৬টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ছয়টি টিনশেড কাপড়ের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের মধ্যে মো. কামাল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।