সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ছয়টি ঘাটে সরকারি নির্ধারিত হারের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি টোল আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে আদায় করা টাকার কোনো রসিদও দেওয়া হচ্ছে না।
জুনাব আলী বলেন, নৌযান মালিক-শ্রমিকদের আন্দোলন ও পরিবহন ধর্মঘটের পর প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্ধারিত টোল নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কয়েক দিন সেটি মানা হলেও পরে আবার অতিরিক্ত টাকা আদায় শুরু হয়েছে। তাঁর দাবি, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্ধারিত হারে টাকা নেওয়া হয়, কিন্তু পুলিশ চলে গেলে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। খাস কালেকশনের নামে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধেও তিনি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন।
সভায় জুনাব আলী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, চাঁ/দাবাজির বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নেবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।