খাবারের আয়োজনে খাসি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ব্রাহ্মণবাড়িয়ার জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে করেছেন। এবার বড় খাসির খদরের আয়োজনেই সম্পন্ন হয়েছে তার বিয়ে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন জুনায়েদ। তিনি জানান, সব জল্পনার অবসান ঘটিয়ে তার বিয়ে সম্পন্ন হয়েছে এবং নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, জুনায়েদের স্ত্রীর নাম জান্নাত আক্তার। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।
এর আগের দিন আখাউড়ার তোলাতালা গ্রামে জুনায়েদের আরেকটি বিয়ের আয়োজন ছিল। সেখানে বরপক্ষের জন্য পরিবেশিত বিশেষ খাবারের খদরে খাসি না থাকায় তিনি আপত্তি জানান। উপস্থিত স্বজনেরা বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিয়ে না করেই সেখান থেকে চলে যান তিনি। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।