ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ছয় মাস কাদাপানির মধ্যে বেঁধে রাখা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষগুলোর দুর্দশার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ইউএনওর হস্তক্ষেপে স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের ওই চার মহিষকে কাদা থেকে তুলে শুকনো ও নিরাপদ স্থানে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাদার মধ্যেই মহিষগুলোকে রাখা ও খাবার দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে মালিককে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
ইউএনও সাজ্জাদ হোসেন জানান, মহিষগুলোর জন্য পর্যাপ্ত জায়গা, শুকনো মেঝে, খাবার-পানি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মালিককে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।