কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, একই দিন সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে উখিয়া থানাধীন পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চালকসহ চোরাকারবারিরা গাড়ি ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মেলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট — ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ও ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা। মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।