নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় খালখনন উন্নয়নের আওতায় খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চৌমুহনী পৌরসভার কলেজ রোড খালপাড়ে ১৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, খাল খনন উন্নয়নে ওয়াকওয়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার সমস্যা অনেকটাই দূর হবে। তিনি বলেন, খাল, জলাবদ্ধতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে, আর সেই বাস্তবতা বিবেচনা করেই খাল খনন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বেগমগঞ্জ তথা চৌমুহনীবাসীর চলাচল আরও নিরাপদ ও সহজ হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহও নিশ্চিত করা সম্ভব হবে। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, বরং এটি পরিবেশ, কৃষি ও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে, আর এর সঙ্গে ওয়াকওয়ে নির্মাণ যুক্ত হওয়ায় এলাকাবাসী একটি আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা পাবে।







