খাগড়াছড়ির রামগড়ে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধ/র্ষণের অভিযোগে তার দুলাভাই সাকিবুল ইসলাম রাজুকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে রামগড় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ির আমলি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার রাজু রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী কিশোরীর বড় বোনের স্বামী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল পৌনে ৮টার দিকে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদরাসার সামনে থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে ব্যর্থ হয়ে মা রামগড় থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার ২৭ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রামগড়ের সোনাইপুল বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভুক্তভোগী অভিযোগ করে, ভগ্নীপতি প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে মাদরাসার সামনে থেকে কৌশলে ঢাকার উত্তরায় নিয়ে গিয়ে একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধ/র্ষণ করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ঘটনার পর অভিযুক্ত মোবাইল ফোনসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ রাখায় তাকে শনাক্ত করতে সময় লাগে, তবে দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অ/পহরণ ও ধ/র্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এবং বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।







