নোয়াখালীর বেগমগঞ্জে বালির স্তূপের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মামুন নরোত্তমপুর ইউনিয়নের মৃত দীন মোহাম্মদের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, ছাতারপায়া এলাকায় বড় ধরনের মদের চালান মজুত রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়ির আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে সুকৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে মাদক মজুতের বিষয়টি অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গোপন আস্তানার তথ্য দেন।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের সামনে থাকা বালির স্তূপ খুঁড়ে ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক সিন্ডিকেট ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।