যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আফিয়া মাসুমা এ গ্রেড অর্জন করেছেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তাঁর এই সাফল্যের খবর জানা যায়। মাসুমা শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের আব্দুস সামাদের ছোট মেয়ে।
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড
পরিবার ও কলেজ সূত্রে জানা যায়, ২৮ জুলাই সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন আব্দুস সামাদ (৬৫)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি মেসার্স তাজমহল ট্রান্সপোর্ট ও হাজী মুছা করিম এন্ড সন্সের স্বত্বাধিকারী এবং আমদানিকারক ছিলেন। রাতে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়। স্বজনেরা দাফনের প্রস্তুতি নিলেও পরীক্ষায় অংশ নিতে বেনাপোল কলেজ কেন্দ্রে যান মাসুমা। তাঁর পরীক্ষার কারণে দাফনের সময় পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার দাফনে অংশ নেন তিনি। পরবর্তী পরীক্ষাগুলোও শেষ করেন।
ফল প্রকাশের পর মাসুমা জানান, বাবা সব সময় চাইতেন তিনি ভালো ফল করুন। বাবাকে হারানোর সময়টি তাঁর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। পরীক্ষার খাতায় লিখতে গিয়ে বারবার বাবার মুখ মনে পড়ছিল। বাবা বেঁচে থাকলে ফল দেখে খুশি হতেন বলে জানান তিনি। উচ্চশিক্ষা চালিয়ে যেতে সবার দোয়া চান মাসুমা।
কলেজের অধ্যক্ষ মো. হাসানউজ্জামান বলেন, মাসুমা শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। শোক সামলে পরীক্ষা দিয়ে এ গ্রেড অর্জন তাঁর মানসিক দৃঢ়তার পরিচয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। পরিবার উচ্চশিক্ষায় সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে বলে জানান তিনি।