মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তোয়াবা আক্তার ও তার বাবা গোলাপ হোসেন (৪০) দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
নিহত গোলাপ হোসেনের আদি বাড়ি রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে পার্শ্ববর্তী দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবা জয়নাল মিয়া রামকৃষ্ণদীর মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় কাজ করেন।
তুরাগ নদী থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে গোলাপ তাঁর ছয় বছরের মেয়ে তওবাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করতে ইটভাটায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গোলাপ গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শিশুটিকে চোখ উপরে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, আহত গোলাপকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিশুটির নানি তাসলিমার অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও প্রাথমিক তদন্তে জমির বিরোধের বিষয়টি উল্লেখ করেছেন।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।